
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ইসলামের পক্ষে, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী একটি দল। তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা সংযোজন করে জাতীয় জীবনকে ধর্মীয় ভিত্তির সঙ্গে যুক্ত করেছিলেন।
রোববার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলোতে ওলামা দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। ইসলামী আদর্শ সমাজে প্রচারিত হলে অপরাধপ্রবণতা হ্রাস পায়। তাই আমরা আলেম-ওলামাদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”
প্রিন্স ওলামা দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, “প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ওলামা দলকে সংগঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচনী বিপর্যয়ের আশঙ্কায় নানা ইস্যু তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করতে চায়। তারা এখন পিআর পদ্ধতির (প্রতিনিধিত্বের অনুপাতিক পদ্ধতি) দাবিতে মাঠে নেমেছে, যা জনগণের অধিকার খর্ব করবে এবং স্বৈরাচারকে উৎসাহ দেবে।”
বিএনপি নেতা দাবি করেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল। “আমরা জনগণের রায় নিয়ে দেশে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই,”—বলেন তিনি।
মন্তব্য করুন