উখিয়া, কক্সবাজার |
অকল্পনীয় এক শোকের ভার বয়ে বেড়াচ্ছেন উখিয়ার এক মমতাময়ী মা। পাঁচ সন্তানের মধ্যে তিনজনকে হারিয়ে বারবার সন্তান হারা মায়ের বুক ফেটে যাচ্ছে। তবু থামছে না দুঃসংবাদ।
সর্বশেষ বড় ছেলে কামাল হোসেন, যিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন, তাকে আজ একটি ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। কামালের অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এর ছয় বছর আগেই দ্বিতীয় ছেলে জসীম উদ্দিনকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পাওয়া যায়। সেই মৃত্যুর রহস্য আজও উদঘাটন হয়নি। পরিবারটি তখনও বিচার পায়নি।
অভিযোগ আছে, তার আরেক সন্তানকেও দুর্ঘটনার নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পাঁচ সন্তানের মধ্যে তিনজনের এমন নির্মম মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন এই মা। সন্তানদের ছবি বুকে চেপে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন,
“একটার পর একটা বুক খালি হয়ে গেলো। কার কাছে বিচার চাইবো?”
স্থানীয়দের মতে, একটি প্রভাবশালী চক্র বারবার এই পরিবারকে নিশানা করছে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সহমর্মিতা জানিয়েছেন অনেকে। প্রশাসনের প্রতি দাবি—এই মায়ের বুক যেন আর খালি না হয়, চিরতরে যেন থেমে যায় তার শোকের মিছিল।
মন্তব্য করুন