জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে যে কালি লাগানো হয়, সেটি সাধারণ কালি নয়। এটি বিশেষ ধরনের স্থায়ী কালি, যা ইনডেলিবল ইঙ্ক (Indelible Ink) নামে পরিচিত। নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে এবং একজন ভোটার যেন একাধিকবার ভোট দিতে না পারেন—এই উদ্দেশ্যেই এ কালি ব্যবহার করা হয়।

বাংলাদেশে নির্বাচনের সময় এই কালি ব্যবহারের তত্ত্বাবধান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটারের আঙুলে এই কালি লাগিয়ে দেওয়া হয়, যা কয়েকদিন পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, এই কালির মূল উপাদান হলো Silver Nitrate। এটি ত্বকের উপরিভাগের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং সূর্যের আলোতে ধীরে ধীরে গাঢ় রঙ ধারণ করে। ফলে দাগ সহজে মুছে যায় না এবং সাধারণত ৭ থেকে ১৪ দিন পর্যন্ত আঙুলে থেকে যায়।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই নির্বাচন সুষ্ঠু রাখতে এই কালি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপাল।
বিশ্বের অন্যতম বড় ইনডেলিবল ইঙ্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ভারতের Mysore Paints and Varnish Limited। প্রতিষ্ঠানটি বহু দেশের নির্বাচনের জন্য এই বিশেষ কালি সরবরাহ করে থাকে।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ভোটে অনিয়ম ও একাধিকবার ভোট দেওয়া ঠেকাতে ইনডেলিবল ইঙ্ক একটি কার্যকর পদ্ধতি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
মন্তব্য করুন